প্রতিবন্ধী অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আজ বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবার মান উন্নয়নের করণীয় নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রেস উইং জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাদের এমনভাবে সুযোগ-সুবিধা দিতে হবে, যাতে তারা রাষ্ট্র ও সমাজের সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাবলী, সীমাবদ্ধতা এবং সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও টয়লেট সুবিধা থাকতে হবে। পাশাপাশি দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে প্রবেশ করতে পারেন।
নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন তিনি। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচার ও প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান তৈরির ওপর জোর দিতে বলেন।
তিনি আরও নির্দেশ দেন, দেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না তা যাচাই করতে হবে। একই সঙ্গে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০টি উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্প চালু করা হবে, যা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়ার্সের খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.